খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, কাল থেকে শুরু ক্লাস

খুলনা, ১ আগস্ট – খুলনা বিশ্ববিদ্যালয়ে টানা আন্দোলনের পর শিক্ষার্থীদের তিন দফা দাবি বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি হওয়ায় ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
শুক্রবার শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপগুলো সন্তোষজনক হওয়ায় তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং ভবিষ্যতে কোনো গড়িমসি দেখা দিলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা এই তিন দফা দাবি জানিয়েছিলেন। দাবিগুলো পূরণের লক্ষ্যে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তালা খোলা হলেও ক্লাস বর্জন অব্যাহত ছিল।
শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে ছিল ক্যানটিনকর্মীর হাতে যৌন হয়রানির ঘটনার বিচার। বর্তমানে অভিযুক্ত ইমাম হাসান ও তার স্ত্রী কারাগারে রয়েছেন। এ ছাড়া যৌন হয়রানির দায়ে অভিযুক্ত অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে এবং অপর এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি বিতর্কিত স্পন্দন-২৪ ক্লাবের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
এস এম/ ১ আগস্ট ২০২৬









