সিলেটে বিজিবির প্রধান ফটকের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ১০ দোকান

সিলেট, ১১ মার্চ – সিলেট নগরের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সিলেট ব্যাটালিয়নের প্রধান ফটকের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের প্রধান ফটকের বিপরীত দিকের কয়েকটি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্রের শোরুম, সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ এবং মুদির দোকান রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
এনএন/ ১১ মার্চ ২০২৬









