কুড়িগ্রাম

কুড়িগ্রামে তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা, দুই দিনের মধ্যে বিক্রির নির্দেশ

কুড়িগ্রাম, ৮ মার্চ – কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। স্থানীয় সূত্রে জানা যায়, বালারহাট বাজারের ব্যবসায়ী রশিদুল ইসলাম তার ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ তেল মজুদ করেছেন বলে প্রশাসনের কাছে অভিযোগ আসে।

এই সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ওই ব্যবসায়ীর গুদাম ও দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ১১ হাজার ৯৩২ দশমিক ৫ লিটার তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। নথিপত্র ও পরিস্থিতি যাচাই-বাছাই শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযুক্ত ব্যবসায়ী রশিদুল ইসলাম দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে তেল মজুদ করেননি। অসুস্থতার কারণে সকালে চিকিৎসকের পরামর্শ নিতে তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলায় গিয়েছিলেন।

সেখানে অবস্থানকালীন তিনি জানতে পারেন যে তার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। খবর পেয়ে দ্রুত ফিরে এসে তিনি চিকিৎসার কাগজপত্র প্রদর্শন করলেও তাকে জরিমানা করা হয় বলে তিনি অভিযোগ করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে ধার করে পরিশোধ করতে হয়েছে বলেও জানান ওই ব্যবসায়ী।

এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং দোকানে বিপুল পরিমাণ তেলের মজুদ পাওয়া গেছে।

ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করার পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে মজুদকৃত তেল বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এম ম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language