কুড়িগ্রাম

পুশইন ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ সতর্কতা ও টহল জোরদার

কুড়িগ্রাম, ৮ জুন – ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ বা পুশইন প্রচেষ্টার আশঙ্কায় কুড়িগ্রাম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিটি বর্ডার আউটপোস্ট বা বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি দিন ও রাতে বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে।

পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যদের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যৌথ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে যেকোনো উদ্ভূত পরিস্থিতি পেশাদারিত্বের সাথে মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি সীমান্তবর্তী জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language