কুড়িগ্রামে সারের দাবিতে ডিলারের গুদাম ভাঙচুর, সার লুটের পর উদ্ধার অভিযান

কুড়িগ্রাম, ২৩ আগস্ট – কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকদের একটি দল একত্রিত হয়ে এক ডিলারের গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট ডিলার তাইফুর রহমান মুকুল সারের পর্যাপ্ত বরাদ্দ পেলেও তা কৃষকদের মাঝে বিতরণে গড়িমসি করছিলেন।
গুদামে ৩৪০ বস্তা সার মজুত থাকা সত্ত্বেও ডিলার পয়েন্টের দরজা না খোলায় সকাল থেকে অপেক্ষায় থাকা প্রায় দুই শতাধিক কৃষক উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তারা গুদামের তালা ভেঙে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ সার নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা বাকি সার রক্ষা করে। পরবর্তীতে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে কৃষকদের সাথে যোগাযোগ করা হলে তারা এখন পর্যন্ত ৫৮ বস্তা সার ফেরত দিয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ওই ইউনিয়নে চাহিদার তুলনায় বরাদ্দ কম ছিল এবং বরাদ্দকৃত পুরো সার উত্তোলন না করায় কৃষকদের মধ্যে ভীতি তৈরি হয়েছিল যে তারা সার পাবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত কুমার দেবনাথ জানান, কৃষি বিভাগ ও পুলিশের সহায়তায় বাকি সার উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং কৃষকরা শান্তিপূর্ণভাবে সব সার ফেরত দেবেন বলে তারা আশা করছেন।
এস এম/ ২৩ আগস্ট ২০২৬









