চিলমারীর রমনা ঘাটে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস: ২৫টি নৌকা ডুবি

কুড়িগ্রাম, ৩ জুন – মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাটে হঠাৎ আঘাত হানা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে অন্তত ২৫টি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় চারটি নৌকা দুমড়ে মুচড়ে গেছে এবং ২০টি ছোট ও মাঝারি নৌকা তলিয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,
বিকেলে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি ছিল না। হঠাৎ তীব্র ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস শুরু হলে ব্রহ্মপুত্র নদ উত্তাল হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ঘাটে নোঙর করা ও যাত্রার অপেক্ষায় থাকা নৌকাগুলো বিশালাকার ঢেউয়ের কবলে পড়ে।
রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামের নৌকার মালিক রফিকুল ইসলাম জানান,
তার নৌকায় থাকা ৫৬ বস্তা সার ও তেলের ড্রামসহ যাত্রীদের বহু মূল্যবান মালামাল নদীতে তলিয়ে গেছে। অনেক চেষ্টা করেও সামান্য কিছু মালামাল ছাড়া বাকি সব পানির নিচে রয়ে গেছে।
চিলমারী রমনা ঘাটের বন্দর ও পরিবহন কর্মকর্তা পুতুল রায় জানিয়েছেন,
ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ডুবে যাওয়া মালামাল উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।
এস এম/ ৩ জুন ২০২৬









