কুড়িগ্রাম

কুড়িগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

কুড়িগ্রাম, ৩ জুলাই – কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে মাহমুদা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামী ও শাশুড়িসহ শ্বশুরবাড়ির সকল সদস্য পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহত মাহমুদা আক্তার উপজেলার টেংরার ভিটা গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী। তাদের সংসারে দুইটি শিশু সন্তান রয়েছে যার মধ্যে একজনের বয়স মাত্র ছয় মাস। স্থানীয়দের তথ্যমতে, বুধবার সকালে রান্নার সময় চুলায় অতিরিক্ত জ্বালানি ব্যবহারকে কেন্দ্র করে মাহমুদার সঙ্গে তার শাশুড়ির কথা কাটাকাটি হয়।

এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারাদিন ধরে পারিবারিক কলহ চলতে থাকে। মাহমুদার বাবার বাড়ি একই এলাকায় হওয়ায় তার মা দুই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সন্ধ্যার দিকে ছোট শিশুটি কান্নাকাটি করলে তাকে মায়ের কাছে ফিরিয়ে আনতে গিয়ে স্বজনরা মাহমুদাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুকের কিছু টাকা বাকি থাকায় প্রায়ই মাহমুদার ওপর নির্যাতন চালানো হতো। এটিকে পরিকল্পিত হত্যা দাবি করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এস এম/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language