কুড়িগ্রাম

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কুড়িগ্রাম, ১৮ জুন – কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর একটি বালুভর্তি ট্রাক উল্টে পড়ার ঘটনায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী কয়েকশ যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর পড়ে যাওয়ায় রেলপথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি।

ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী বিকল্প উপায়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করে তিস্তা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতির কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুড়িগ্রাম রেল স্টেশনের ইনচার্জ মোছা. কনিকা আক্তার জানান, রেললাইনের ওপর থেকে ট্রাকটি না সরানো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া সম্ভব নয়। বর্তমানে ট্রাকটি অপসারণের কাজ চলছে।

দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। তবে ঠিক কত সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

এস এম/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language