রামপুরায় হত্যা মামলা: ডিজিটাল প্রমাণ দাখিলে সময় পেল রাষ্ট্রপক্ষ, পেছাল রায়

ঢাকা, ৪ মার্চ – জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় গুলি করে হত্যা ও আহতের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা পিছিয়ে গেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আরও কিছু ডিজিটাল নথিপত্র দাখিলের জন্য সময় মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ নতুন ডিজিটাল প্রমাণ হাতে পাওয়ার কথা জানিয়ে চার সপ্তাহের সময় প্রার্থনা করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সারোয়ার জাহান চিকিৎসার প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা উল্লেখ করে ছয় সপ্তাহের সময় চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ সপ্তাহ সময় মঞ্জুর করে আগামী ৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।
উল্লেখ্য, রামপুরা এলাকার এই মামলায় মোট আসামি পাঁচজন। এর মধ্যে পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি চার আসামি পলাতক আছেন। পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
এনএন/ ৪ মার্চ ২০২৬









