মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা ইরানে ৭৮৭ জনের মৃত্যুর খবর রেড ক্রিসেন্টের

তেহরান, ৩ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের প্রাণহানি ঘটেছে বলে তথ্য দিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটি মঙ্গলবার ৩ মার্চ হতাহতের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। তাদের ভাষ্যমতে মানবিক ত্রাণ সংস্থাগুলোর আগের হিসাবের চেয়ে এই সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেশি। ইরানি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে যে দেশজুড়ে অন্তত ৫০৪টি স্থানে মোট ১ হাজার ৩৯টি হামলার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।

বর্তমানে বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে হামলায় ১৭৬ জন শিশুসহ মোট ৭৪২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অপরদিকে ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার অভিযোগ করেছেন যে ইরানের ৯টি হাসপাতালে হামলা চালানো হয়েছে এবং এর জন্য তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

তবে আইডিএফ দাবি করেছে তারা কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়নি যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকেই এই হামলার জন্য অভিযুক্ত করেছে। অন্যদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাঁও দাবি করেছে সংঘাতের তৃতীয় দিনেই নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে যার মধ্যে প্রায় ২০০ বেসামরিক নাগরিক এবং ১ হাজার ৩০০ জন ইরানি বাহিনীর সদস্য।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হতাহতের এই সংখ্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়তে পারে।

এর আগে শনিবার সকালে পরমাণু কর্মসূচি ইস্যুতে দীর্ঘদিনের বিরোধের জেরে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আত্মরক্ষার জন্য হলেও ওয়াশিংটন ও তেলআবিব মনে করে এটি বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এম ম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language