যমুনা সেতুতে বিকল যানবাহন: মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা, ৫ জুন – যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই যানজটের কারণে বর্তমানে সেতুর দুই লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের মধ্যে সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
মহাসড়কে দীর্ঘ সময় আটকে থেকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সময়মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সেতুর পশ্চিম প্লাজায় টোল প্রদানের পর তিনটি গাড়ি বিকল হয়ে গেছে।
গাড়িগুলো রেকার দিয়ে সরানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সড়কে যানবাহনের অতিরিক্ত চাপের সময় কোনো গাড়ি বিকল হলে দ্রুত পেছনের দিকে যানবাহনের সারি দীর্ঘ হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ কাজ করছে।
এস এম/ ৫ জুন ২০২৬









