মার্কিন ভিসার জন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক করার নির্দেশ

ঢাকা, ৫ জুন – যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারী সব অনভিবাসী প্রার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক বা উন্মুক্ত করার নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার দূতাবাসের এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়েছে যে ২০২৬ সালের ৩০ মার্চ থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক হবে। তালিকায় এ ৩, সি ৩, জি ৫, এইচ ৩ এবং তাদের নির্ভরশীল এইচ ৪ ভিসার পাশাপাশি কে ১, কে ২, কে ৩, কিউ, আর ১, আর ২, এস, টি এবং ইউ ভিসার আবেদনকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজতর করা। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে আবেদনকারীদের তথ্য সঠিকভাবে যাচাইয়ের জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাইয়ের মাধ্যমে নিরাপত্তা ও আইনি দিকগুলো পর্যবেক্ষণ করা যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গণ্য হবে।
এস এম/ ৫ জুন ২০২৬









