চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত সংস্কারের ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

চট্টগ্রাম, ৫ জুন – চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘরটি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন যে বিগত সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে এই ঐতিহাসিক স্থাপনাটি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাদুঘরটিকে পূর্বের মর্যাদায় ফিরিয়ে আনা হবে এবং আধুনিকায়নের মাধ্যমে জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।
সংস্কার কাজের সুবিধার্থে বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আহমেদ আজম খান আরও বলেন যে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়া পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে জিয়াউর রহমান অনন্য ভূমিকা পালন করেছেন। তার স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
সংস্কারের মাধ্যমে তার ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করে বীর উত্তম খেতাব অর্জন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি দেশের সেনাপ্রধান ও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
মন্ত্রী অভিযোগ করেন যে পরবর্তী সরকারগুলো দেশের অর্থনীতি ও উন্নয়নে জিয়াউর রহমানের অবদানকে খাটো করার অপচেষ্টা চালিয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জিয়ার স্মৃতি সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন যে জাদুঘর ও জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। ভবিষ্যৎ প্রজন্মের সঠিক ইতিহাস জানার জন্য এই ধরনের স্মৃতি কেন্দ্রগুলো যথাযথভাবে রক্ষা করা জরুরি। পরিদর্শনকালে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৫ জুন ২০২৬









