ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ৫ জুন – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন প্রায় ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারীতে একটি পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই আশঙ্কাজনক তথ্য জানান।
প্রশাসক আব্দুস সালাম বলেন যে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে নাগরিকদের সর্বোচ্চ সচেতন হতে হবে। তিনি বাড়ির উঠান, ছাদ এবং ফুলের টবসহ কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন যে বাড়ির চারপাশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকে সহায়তা ছাড়া ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। জনস্বাস্থ্য রক্ষায় তারেক রহমান অত্যন্ত সচেতন ভূমিকা পালন করছেন এবং খেলার মাঠ থেকে শুরু করে নাগরিক সুবিধাগুলোর সার্বিক বিষয়ে তদারকি করছেন বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া এলাকার পরিবেশ সুন্দর রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন যে ভবিষ্যতে জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হতে পারলে মহানগরের শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনা হবে।
এস এম/ ৫ জুন ২০২৬









