জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট: তারেক রহমান

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের পেছনের কারণ এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই নির্মম ঘটনার পর মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছিল।

মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান উল্লেখ করেন, পিলখানায় সংঘটিত সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও তিনি জোর দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ববিরোধী গভীর ষড়যন্ত্র ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টি উপলব্ধি করা অত্যন্ত জরুরি।

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ২৫ ফেব্রুয়ারি জাতীয় ইতিহাসের এক শোকাবহ দিন। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদ হন। দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর ২০২৪ সাল থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে।

বাণীতে তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language