১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে পালনের ঘোষণা

ঢাকা, ৬ জুলাই – ১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে পালন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, ১৬ ও ১৭ জুলাইয়ের ঘটনার ধারাবাহিকতায় ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন এবং সেদিন চারজন শিক্ষার্থী শহীদ হন, যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই দিবসটি স্মরণে আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছিল। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সেই স্মৃতি স্মরণে ক্যাম্পাসের ক্ষতচিহ্ন বা প্রতিরোধের সূচনা শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে।
এই প্রদর্শনী চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের প্রাঙ্গণ অথবা শাহবাগের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হতে পারে। যাত্রাবাড়ী এলাকার আন্দোলনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ২৪ জুলাই যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃত এলাকায় ছাত্র জনতা ও স্থানীয়রা কয়েক দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। সেই আন্দোলনে প্রায় ৮০ জন শহীদ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ৬ জুলাই ২০২৬









