জাতীয়

বাংলাদেশ থেকে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বেইজিংয়ের

ঢাকা, ৬ জুলাই – বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি বিশাল অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে নতুন এই করিডোর গঠনের বিষয়টি গুরুত্বের সাথে সামনে এসেছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। চীনের মূল লক্ষ্য হলো তাদের ইউনান প্রদেশকে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা যাতে মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমানো যায়।

কুনমিং থেকে চট্টগ্রামের সম্ভাব্য সড়কপথের দূরত্ব হবে প্রায় ২ হাজার কিলোমিটার। বর্তমানে সমুদ্রপথে চীন থেকে চট্টগ্রামে পণ্য আনতে ১০ থেকে ১৫ দিন সময় লাগলেও এই করিডোর চালু হলে তা মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নেমে আসবে। তবে এই প্রকল্প বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত।

রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা বর্তমানে জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় তাদের সহযোগিতা এখানে অপরিহার্য হয়ে উঠতে পারে। এছাড়া এই করিডোর নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ রয়েছে। তবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন এই করিডোরে ভারতের যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন বিষয়টি বর্তমানে সরকারের বিশ্লেষণ ও পর্যালোচনার অধীনে রয়েছে। এটি মূলত একটি আঞ্চলিক সংযোগ ব্যবস্থা হিসেবে কাজ করবে যা বাংলাদেশের বাণিজ্যে নতুন মাত্রা যোগ করতে পারে।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language