জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের দায়িত্ব গ্রহণ

ঢাকা, ২৯ আগস্ট – জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে সমাদৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি। এর মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ নানা আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০২০ সাল থেকে তিনি মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিন খান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করেন। সংস্থাটির ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী মহাসচিব। এছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে দীর্ঘ ২১ বছর কর্মরত ছিলেন তিনি। সেখানে তিনি ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে মর্যাদাপূর্ণ সিডনি পিস প্রাইজে ভূষিত হন তিনি।

তার রচিত দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস গ্রন্থটি আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত। তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন।

এনএন/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language