ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা, ২৯ আগস্ট – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের প্রভাবে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে কুমিল্লার মাধাইয়া থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাঢ়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল থেকে সংস্কারকাজ শুরু করা হয়। সংস্কারের জন্য একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়ে শুক্রবার রাত থেকেই তীব্র যানজটের সূত্রপাত হয়। পরবর্তীতে এর প্রভাব দাউদকান্দি ও মেঘনা হয়ে কুমিল্লার মাধাইয়া পর্যন্ত বিস্তৃত হয়।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে থাকায় দূরপাল্লার বাসের যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। যাত্রী সুরাইয়া বেগম জানান, তিনি তিন ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছেন এবং যানজট কখন শেষ হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
ট্রাকচালক আতিক তার ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ দিন ধরে কুমিল্লার আলেখারচর অংশে যানজটের পর এখন আবার এখানে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেম দাস রায় জানিয়েছেন, মূলত ব্রিজের সংস্কারকাজের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে এবং কাজ শেষ হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
এনএন/ ২৯ আগস্ট ২০২৬









