মধ্যপ্রাচ্য

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন

কুয়ালালামপুর, ২৯ আগস্ট – মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতামূলক পরামর্শ প্রদান করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শনিবার দুপুরে হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রবাসীদের মালয়েশিয়ার আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে নিরাপদ থাকার বিষয়ে জোর দেওয়া হয়েছে। হাইমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মরত দেশের আইন, বিধি বিধান এবং কর্মস্থলের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা।

বিশেষ করে স্থানীয় সাইবার আইন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মস্থল সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও শেয়ারের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অনুমতি নিতে বলা হয়েছে। এছাড়া অপরিচিত কোনো লিংক বা ফাইলে ক্লিক না করা এবং অনলাইন প্রতারণা থেকে সাবধান থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্জনীয় বিষয়গুলোর মধ্যে উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো পোস্ট শেয়ার বা লাইক দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক সংঘাত যেমন ইসরায়েল ফিলিস্তিন বা ইরান ইসরায়েল ইস্যু নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি স্থাপনা বা নিরাপত্তা সংশ্লিষ্ট স্থানের ছবি ধারণ ও পাসপোর্ট বা ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। হাইকমিশন আরও জানিয়েছে, প্রবাসীদের উচিত যে কোনো প্রকার বিনিয়োগ বা অনুদান দেওয়ার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়া। কোনো অপরাধ বা অবৈধ কার্যক্রমকে সমর্থন করে এমন মন্তব্য থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language