মধ্যপ্রাচ্য

মিশরে দুই বাংলাদেশির অকাল মৃত্যু: শোকের ছায়া প্রবাসী কমিউনিটিতে

কায়রো, ২ জুলাই – মিশরে উচ্চশিক্ষা ও উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে গিয়ে স্বল্প সময়ের ব্যবধানে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং তাদের নিজ নিজ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃতদের মধ্যে একজন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যজন মায়ের সাথে পড়তে যাওয়া এক শিশু। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর গ্রামের রুহুল আমিনের ছেলে ইমাম মাহমুদ সা’দ সম্প্রতি কায়রোর ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন।

মিশরে পৌঁছানোর মাত্র তিন সপ্তাহের মাথায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ডায়াবেটিস সমস্যার পাশাপাশি তিনি তীব্র জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কায়রোর খাইরুল মিনারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের মাহবুব ইসলামের একমাত্র সন্তান রাইমান ইসলামের মৃত্যু হয়েছে মিশরের কায়রোতে। উন্নত শিক্ষার আশায় তার মা তাকে নিয়ে সেখানে গিয়েছিলেন।

রাইমান হঠাৎ উচ্চমাত্রার জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে দুইবার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে কায়রোর আব্বাসিয়া হুম্মিয়াত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কায়রোর আবুরের হানতাশ কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। কর্মস্থলে জটিলতার কারণে সৌদি আরব থেকে তার বাবা শেষ সময়ে উপস্থিত থাকতে পারেননি। উচ্চশিক্ষার স্বপ্ন আর অকাল প্রয়াণের এই দুটি ঘটনায় শোকবিহ্বল হয়ে পড়েছেন প্রবাসীরা।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language