লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, আটক ১৫

লালমনিরহাট, ৬ জুলাই – লালমনিরহাট জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রবিবার দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।
এদিন বিকেলে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চইলতার তল এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোগলহাট ও কুলাঘাটসহ জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত অভিযানে আরও ১২ জনকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, আটককৃতদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই জেলার বাইরের বাসিন্দা। অভিযান শেষে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, যারা লালমনিরহাটের সুন্দর পরিবেশ নষ্ট করছে এবং বাইরে থেকে এসে মাদকের মরণ নেশা ছড়াচ্ছে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
অপরাধ নির্মূলে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি একটি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি জানান যে, নবগঠিত সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট এর ব্যানারে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেবল মাদক নয় বরং পর্যায়ক্রমে বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধিগুলোও সমাজ থেকে নির্মূল করা হবে। অভিযানে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলোকিত লালমনিরহাট সংগঠনের সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।
উল্লেখ্য যে, গত শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট যাত্রা শুরু করে। সংগঠনের মূল লক্ষ্য হলো মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীর এমন সক্রিয় উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।
এস এম/ ৬ জুলাই ২০২৬









