লালমনিরহাট

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

লালমনিরহাট, ১১ জুলাই – লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে তিন নারীকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে একই সীমান্ত দিয়ে মধ্যরাতে আরও ছয়জনকে পুশইন করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অনুপ্রবেশকারী ওই ব্যক্তিদের মধ্যে তিনজনকে শনাক্ত করা গেলেও বাকিরা দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছেন। তিস্তা ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার ভোরে ধবলসূতি বিওপির সীমান্ত পিলার এলাকায় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা তিনজন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

বিজিবির টহল দল ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। বর্তমানে ওই নারীরা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। অন্যদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, মধ্যরাতে বামনদল এলাকা দিয়ে আরও ছয়জনকে পুশইন করে বিএসএফ।

তারা বিজিবি ও স্থানীয়দের নজর এড়িয়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে তারা নিজেদের বাংলাদেশি দাবি করেন এবং একপর্যায়ে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রেনে চড়ে দেশের অভ্যন্তরে চলে যান।

৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে।

সীমান্তে অবস্থানরত নারীদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য কড়া বার্তা প্রদান করা হয়েছে। এ ছাড়া অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও সতর্কতা বহাল রয়েছে।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language