ক্রিকেট

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে যে, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে বাংলাদেশ।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নীতিমালা অনুযায়ী এই সুযোগ তৈরি হয়েছে।

নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সুপার এইট পর্বের আটটি দল, স্বাগতিক দুটি দেশ এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও দুটি দল ২০২৮ আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। যেহেতু নিউজিল্যান্ড স্বাগতিক হিসেবে আগেই যোগ্যতা অর্জন করেছে এবং তারা সুপার এইট পর্যায় থেকেও বিবেচিত হতে পারে, তাই র‍্যাঙ্কিং কোটা থেকে অতিরিক্ত সুযোগ তৈরি হয়েছে। এই সমীকরণে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি মূল পর্বে খেলার টিকিট পেয়েছে।

আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে। উল্লিখিত সময়ের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় তাদের র‍্যাঙ্কিং অবনমন হওয়ার শঙ্কা নেই। ফলে ১০ম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশ সরাসরি বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাচ্ছে।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language