লেক মিশিগানে মিলল দেড়শ বছর আগে ডুবে যাওয়া বিলাসবহুল জাহাজ

লেক মিশিগান, ১৭ ফেব্রুয়ারি – দেড়শ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের লেক মিশিগানে ডুবে যাওয়া একটি বিলাসবহুল জাহাজের সন্ধান পাওয়া গেছে। লাক লা বেল নামের ওই জাহাজটি ১৮৭২ সালে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এবং দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়।
সম্প্রতি ইলিনয়ের অভিজ্ঞ অনুসন্ধানকারী পল এহর্ন লেকের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। নিউজউইক ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শিপরেক ওয়ার্ল্ড নামক সংস্থার তথ্য অনুযায়ী ২০২২ সালের অক্টোবরেই জাহাজটি শনাক্ত করা সম্ভব হয়েছিল। এটি উইসকনসিন অঙ্গরাজ্যের রেসিন ও কেনোশা এলাকার মাঝামাঝি উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে পাওয়া গেছে। পল এহর্ন ১৯৬৫ সাল থেকে এই জাহাজের খোঁজ করছিলেন এবং প্রায় ৬০ বছরের চেষ্টার পর তিনি সফল হন।
এটি তার খুঁজে পাওয়া ১৫তম জাহাজডুবির ঘটনা। জাহাজটি শনাক্তের পর একটি থ্রিডি ভিডিও মডেল তৈরি করতে সময় নেওয়ায় খবরটি প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে। ঐতিহাসিক তথ্যমতে ১৮৭২ সালের ১৩ অক্টোবর রাতে ৫৩ জন যাত্রী ও কর্মী নিয়ে জাহাজটি মিলওয়াকি থেকে গ্র্যান্ড হ্যাভেনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। জাহাজে বার্লি, মাংস, আটা ও মদসহ নানা পণ্য ছিল। যাত্রার দুই ঘণ্টা পর প্রবল ঝড়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে এবং বয়লার বন্ধ হয়ে যায়। ভোরের দিকে লাইফবোট নামানো হলেও একটি লাইফবোট উল্টে আটজন মারা যান এবং বাকিরা নিরাপদে তীরে পৌঁছান। বর্তমানে জাহাজটির বাইরের অংশ কোয়াগা মাসেল নামক এক ধরণের ঝিনুক দিয়ে ঢাকা থাকলেও মূল কাঠামো এখনো বেশ অক্ষত রয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









