ফুটবল

৯৮১ দিন পর জাতীয় দলে ফিরলেন নেইমার, প্রিয় প্রতিপক্ষ জাপান

মায়ামি, ২৬ জুন – দীর্ঘ ৯৮১ দিনের দীর্ঘ বিরতি শেষে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে তিনি এই প্রত্যাবর্তন করেন। ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ। গোল না পেলেও ব্রাজিলের এই শীর্ষ গোলদাতা নিজের ফিটনেসের জানান দিয়েছেন। এখন জাপানের বিপক্ষে আসন্ন ম্যাচে নিজের পুরনো ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য তার।

পরিসংখ্যান অনুযায়ী জাপান নেইমারের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার তার সর্বোচ্চ ৯টি গোল করেছেন এই ব্লু সামুরাইদের বিপক্ষে। ব্রাজিলের জার্সিতে করা ৭৯টি গোলের মধ্যে কোনো নির্দিষ্ট দেশের বিপক্ষে এটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এ পর্যন্ত জাপানের বিরুদ্ধে মোট পাঁচটি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে চারটি প্রীতি ম্যাচ এবং একটি কনফেডারেশন্স কাপের ম্যাচ। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি জাপানের বিপক্ষে সফলভাবে গোল করেছেন।

এদিকে জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো ইতোমধ্যেই নেইমারকে নিয়ে সতীর্থদের সতর্ক করেছেন। এফসি টোকিওর এই ফুটবলার জানান যে নেইমার একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তাকে নিয়ে বাড়তি সতর্ক থাকা জরুরি।

জাপানের পর নেইমারের প্রিয় প্রতিপক্ষের তালিকায় রয়েছে পেরু যেখানে তিনি ছয়টি গোল করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও বলিভিয়ার বিপক্ষে তার পাঁচটি করে গোল রয়েছে। বিভিন্ন দেশের বিপক্ষে সফল এই ফরোয়ার্ড এখন জাপানের বিপক্ষে নিজের গোল সংখ্যা আরও বাড়ানোর প্রত্যাশা করছেন।

এনএন/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language