ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির শঙ্কা ডোনাল্ড ট্রাম্পের গভীর উদ্বেগ

ওয়াশিংটন, ২৫ জুন – ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতির চিত্র ও ব্যাপক প্রাণহানির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই ভূমিকম্প ছিল অত্যন্ত শক্তিশালী এবং এতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার এই সংকটময় পরিস্থিতিতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে যে এই জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও দেশটির সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নিহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান দেওয়া হয়নি।
প্রবল কম্পনের ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভবন ধস ও জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করেছেন।
ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে স্কুল কলেজের পাঠদান এবং পাতালরেল ও ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম লা পাতিয়া জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া জনগণের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরো উদ্ধার কার্যক্রমের তদারকি করছে বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল।
এস এম/ ২৫ জুন ২০২৬









