উত্তর আমেরিকা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ২৫ জুন – ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ এক বার্তার মাধ্যমে ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন যে,

এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে আছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সমন্বয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বুধবার ভেনেজুয়েলার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

পাহাড়ি ঢালে অবস্থিত অনেক ভবন ধসে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দাদের পরিবার ও পোষা প্রাণী নিয়ে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে দেখা যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত।

সরকারি ছুটির দিনে এই বিপর্যয় নেমে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। উল্লেখ্য যে, দিনটিতে দেশজুড়ে জাতীয় স্বাধীনতা দিবস পালন করা হচ্ছিল। ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজধানীসহ বিভিন্ন স্থানে অসংখ্য ভবন বিধ্বস্ত হয়েছে।

আরও অনেক ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগের প্রভাবে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং নিরাপত্তার খাতিরে কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language