জাতীয়

তিয়েনআনমেন স্কয়ারে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

বেইজিং, ২৬ জুন – চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশটির বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণকালে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে বাজানো হয় শ্রদ্ধার করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে আজ গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬ এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য প্রদান করেন এবং চীনের বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। চার দিনের এই গুরুত্বপূর্ণ সফর শেষে আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এস এম/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language