সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, মিলবে তেল-চিনিসহ ৫ পণ্য

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস সামনে রেখে আজ মঙ্গলবার থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ ভোক্তাদের জন্য ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।
টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষকে সহায়তা করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১২ মার্চ পর্যন্ত ছুটির দিন ব্যতীত মোট ২০ দিন এই কার্যক্রম চলবে। ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি এবং অন্যান্য বিভাগীয় ও জেলা শহর মিলিয়ে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৪০০ জন ভোক্তা পণ্য কেনার সুযোগ পাবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল ১১৫ টাকা দরে, ১ কেজি চিনি ৮০ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৭০ টাকা দরে, ১ কেজি ছোলা ৬০ টাকা দরে এবং আধা কেজি খেজুর ১৫০ টাকায় কিনতে পারবেন। পাশাপাশি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের মধ্যেও ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









