মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা পারিবারিক বিরোধেই খুন হন জসিম, জানাল সেনাবাহিনী

মুন্সীগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – মুন্সীগঞ্জের চরাঞ্চলে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নায়েব নিহতের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে যে নিহত জসিমের সঙ্গে প্রতিপক্ষ ডাক্তার নাসির গ্রুপের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল এবং সেই বিরোধের জের ধরেই নির্বাচনের পর এই হামলার ঘটনা ঘটে।

শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ বীর এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে পারিবারিক বিরোধের জেরে জসিমের সঙ্গে প্রতিপক্ষের নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে নাছিরের লোকজন জসিমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত জসিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলে জানান তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত জসিম স্থানীয় মাফিক নায়েবের ছেলে এবং তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। অন্যদিকে হামলাকারীরা মুন্সীগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারী বলে জানা যায়।

নিহতের মরদেহ নিয়ে বাদীপক্ষ বর্তমানে ঢাকায় অবস্থান করায় এখনো থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ ও সেনাবাহিনী আশ্বস্ত করেছে যে খুব দ্রুততম সময়ে আসামিদের আটক করা হবে। বর্তমানে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের বাড়িঘরে তালা ঝুলছে। এদিকে জসিমের মৃত্যুতে চর আব্দুল্লাহ গ্রামে তার বাড়িতে শোকের মাতম চলছে এবং হামলায় আহত তার আপন বড় ভাই আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language