কুষ্টিয়ায় পুলিশকে কটূক্তি করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

কুষ্টিয়া, ১২ ফেব্রুয়ারি – কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. অনিক হোসেন (২৮)। তিনি পোড়াদহ ইউনিয়নের কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক হোসেন ভোটকেন্দ্রে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এরপর তিনি অকারণে কেন্দ্রের ভেতর দাঁড়িয়ে থাকলে সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে সরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং তর্কে জড়ান। বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে পাঁচশ টাকা জরিমানা করা হয় যা অনাদায়ে তাকে আরও সাত দিন কারাভোগ করতে হবে।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









