ঢাকা-১৩ আসনে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সন্তুষ্ট কর্মকর্তারা

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাজধানীর মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।
সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের এমন চিত্র দেখা যায়। সংশ্লিষ্টরা সকাল সকাল ভোটারদের এই উপস্থিতিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। প্রিজাইডিং কর্মকর্তারাও জানিয়েছেন, বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বৃদ্ধি পাবে। ঢাকা-১৩ আসনের অন্যতম একটি ভোটকেন্দ্র হলো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রে নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৫৮৪ জন এবং নারী ভোটার ২ হাজার ৬৫৪ জন।
কেন্দ্রটির পুরুষ শাখার প্রিজাইডিং কর্মকর্তা মহিউদ্দিন জানান, প্রথম দুই ঘণ্টায় ১৬০টি ভোট পড়েছে যা বেশ চমৎকার। সাধারণত এই এলাকায় সকালে এত ভোট পড়ে না, কারণ ভোটাররা সাধারণত ঘুম থেকে উঠে নাস্তা করে ধীরেসুস্থে আসেন। তবে এবার সকাল থেকেই ভোটারদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। অন্যদিকে নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, সকালের প্রথম দুই ঘণ্টায় সেখানে শতাধিক ভোট পড়েছে। বেলা বাড়লে ভোটের হার আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেন্দ্রটি পরিদর্শনে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার জানান, তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার রয়েছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। এছাড়া এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









