জাতীয়

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ঢাকা, ২ আগস্ট – সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা চলতি আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন।

আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা করেছেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এদিন সকালে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন।

সেখান থেকে বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে পৌঁছান। শাহবাগে পুলিশের বাধার মুখে তারা রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১ অক্টোবর যোগদান ও বিদ্যালয়ে পদায়ন করা হবে।

তবে আন্দোলনকারী শিক্ষকদের দাবি, তারা কোনো দীর্ঘসূত্রতা চান না এবং চলতি মাসেই তাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। তারা জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button