জাতীয়

ঢাকার চারপাশের নদীতে আবার ওয়াটার বাস চালুর উদ্যোগ সরকারের

ঢাকা, ২ আগস্ট – রাজধানী ঢাকার চারপাশের নদীপথকে কার্যকর যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর করতে পুনরায় যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে নদীদূষণ, নাব্যতা সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার মতো কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। মন্ত্রী উল্লেখ করেন যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে এই উদ্যোগে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে। ঢাকার চারপাশের নদীগুলোকে কেবল যাতায়াতের মাধ্যম নয় বরং পর্যটনবান্ধব জলপথ হিসেবে গড়ে তোলার কথা ভাবছে সরকার।

প্রস্তাবিত রুট অনুযায়ী গাবতলী থেকে যাত্রা শুরু করে আশুলিয়া, টঙ্গি, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বসিলা হয়ে পুনরায় গাবতলীতে ফেরার ব্যবস্থা রাখা হবে। বর্তমানে নদীর পরিবেশ ও পানির দুর্গন্ধের কারণে সাধারণ মানুষ নৌপথে ভ্রমণে খুব একটা আগ্রহী হয় না। তাই নদীদূষণ নিয়ন্ত্রণ করে মনোরম পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান যে হাতিরঝিলের সফল মডেলটি এখানে সরাসরি কার্যকর করা সম্ভব নয় কারণ নদীর দূরত্ব অনেক বেশি এবং যাত্রীদের চাহিদাও ভিন্ন। বিশেষ করে টঙ্গির রেলসেতুর উচ্চতা কম হওয়ায় সেখানে যাতায়াতে সমস্যা হতে পারে।

সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে যাত্রীদের এক পাড় থেকে নেমে সেতু পার হয়ে অন্য পাড়ের অপেক্ষমাণ ওয়াটার বাসে ওঠার ব্যবস্থা রাখা হতে পারে। আপাতত সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের নিজস্ব দায়িত্বের আওতায় প্রাথমিক কারিগরি কাজ শুরু করবে।

পরবর্তী সময়ে প্রকল্পের জন্য বড় বাজেটের প্রয়োজন হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। আগামী দুই মাসের মধ্যে বিভিন্ন সংস্থার কাজের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button