ভোটের পরিবেশ ভালো, এখন ভোটকে নিখুঁত করাই বড় চ্যালেঞ্জ

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের নির্বাচনি সংস্কৃতিতে পরিবর্তন এসেছে এবং এতে তিনি সন্তুষ্ট। তার ভাষায়, আমরা হ্যাপি, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটকে পারফেক্ট করা।
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনসংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠকে নির্বাচনের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা রয়েছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। নির্বাচনি সংস্কৃতির এই পরিবর্তনে আমরা খুশি। তবে ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ভোট হবে উৎসবমুখর। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রেস সচিব জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের পাঁচটি জায়গায় বডি অন ক্যামেরা ব্যবহার করে পরীক্ষামূলকভাবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও জানান, কোথাও কোনো সমস্যা হলে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে বার্তা পৌঁছে যাবে।
প্রেস সচিব বলেন, প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার সদস্য ইতোমধ্যে মোতায়েন হয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও নির্ধারিত সময়ে দায়িত্বে নামবেন।
তিনি জানান, নির্বাচনসংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে ৩৩৩ নম্বর হটলাইন চালু করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।
এদিকে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘পাশা’ নামে একটি এনজিওর ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষকের অনুমতি বাতিল করা হয়েছে।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









