ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ঝিনাইদহ, ৬ ফেব্রুয়ারি – ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের দুটি অফিসে হামলা ঘটে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ককটেল সদৃশ বস্তু উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে চারটি মোটরসাইকেলে আটজন নিশ্চিন্তপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের অফিসে হামলা চালায়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। হঠাৎ হামলা চালিয়ে অফিসের টেবিল, চেয়ার ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অফিসের মধ্যে একটি ককটেল নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ এসে একটি ককটেল উদ্ধার করে।
এছাড়া, পৌরসভার হেলাই গ্রামে সাইফুল ইসলাম ফিরোজের আরেকটি অফিসেও আটজনের একটি দল হামলা চালায়। অফিসে থাকা চেয়ার ভাঙচুর করে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দুইজনকে চিনে ফেলে।
হেলাই গ্রামের যুবক নুর ইসলাম বলেন, রাত ৮টার দিকে মতিয়ার ও মোশাররফসহ আমরা তিনজন কাপ-পিরিচ প্রতীকের অফিসে বসেছিলাম। হঠাৎ চারটি মোটরসাইকেলে আটজনের একটি দল এসে অফিস ভাঙচুর করে। এদের মধ্যে দুইজনকে চেনা গেছে, তারা ফয়লা গ্রামের শাওন ও মুন্না।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জানান, বৃহস্পতিবার তিনি ফুরসন্দি ও ঘোড়শাল ইউনিয়নে ছিলেন। হঠাৎ শুনেছেন নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের দুটি অফিস ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের চিনে ফেলেছে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। তার সমর্থকরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে।
ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের মোবাইলে ফোন করলে রিসিভ করেন রাকিব হোসেন নামে এক ব্যক্তি। তিনি নিজেকে পিএস পরিচয় দিয়ে বলেন, ১০ মিনিট পর ফোন দিয়ে কথা বলানো যাবে, তিনি ব্যস্ত আছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর দুটি অফিসে কেউ না থাকায় হামলা চালানো হয়েছে। এছাড়া, একটি অফিসের মধ্যে কালো টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। সেটি ককটেল কিনা পরীক্ষা করে বলা যাবে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিস দুটি পরিদর্শন করেছেন।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









