বিশ্ববাজারে তেলের দাম একদিনে ৪ শতাংশ কমলো

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমতে পারে এমন আশার সঙ্কেত পাওয়ার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম একদিনে ৪ শতাংশের বেশি কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যে ইরান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত, তা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। ফলে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে।
লন্ডনের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৮১ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬৬.৫১ ডলারে নেমে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ২.৭০ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬২.৫১ ডলারে নেমেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু ট্রাম্পের আলোচনার প্রস্তুতির ঘোষণা এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সামরিক মহড়ার কোনো পরিকল্পনা না থাকার খবর বাজারের চাপ কমিয়েছে। এতে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব কমে বিনিয়োগকারীরা তাদের লাভ নিয়ে বিক্রি শুরু করেছে।
অন্যদিকে, ওপেক প্লাস জোট মার্চ মাসে তেল উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দুর্বল মৌসুমি চাহিদার কারণে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা স্থগিত রেখেছে।
বিশ্লেষকরা মনে করছেন, যদিও সাময়িকভাবে ভূরাজনৈতিক ঝুঁকি তেলের দামে ওঠানামা ঘটাতে পারে, বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় দীর্ঘমেয়াদে দাম কমে থাকার চাপ থাকবে।
এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬









