ব্যবসা

রমজান মাসকে সামনে রেখে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

ঢাকা, ২৭ জানুয়ারি – রমজান মাসকে সামনে রেখে সরকার প্রায় ১৮৬ কোটি টাকা ব্যয়ে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের ২টি প্রতিষ্ঠান থেকে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল প্যাকেজের ১০টি লট কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকায় ৫০ লাখ লিটার এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে ৯২ কোটি ৯৫ লাখ টাকায় আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল টিসিবির জন্য কেনা হবে।

এছাড়া সভায় সয়াবিন তেল ছাড়াও সার আমদানির অনুমোদনও দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language