চট্টগ্রামে মাহমুদা মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার

চট্টগ্রাম,, ২২ জানুয়ারি – চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী, বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানা পুলিশ তাকে আটক করে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার রাত ১০টার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে আগে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে অঞ্জলী রানীকে কুপিয়ে হত্যা করা হয়।
অঞ্জলী রানীর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব নেয়। এর পরের বছর, ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা আক্তার মিতু। তখন তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।
এনএন/ ২২ জানুয়ারি ২০২৬









