ব্যবসা

নতুন বছরে দেশের বাজারে প্রথমবার বাড়ল সোনার দাম

ঢাকা, ০৪ জানুয়ারি – নতুন বছরের শুরুতে দেশের বাজারে সোনার দাম প্রথমবার বাড়ানো হলো। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে এখন বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে এই দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, এ দাম সোমবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

রোববার (৪ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৫ সালের শেষ সময়ে দফায় দফায় সোনার দাম বেড়েছিল। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। এই রেকর্ডের পর ১ জানুয়ারি পর্যন্ত টানা তিন দফা দাম কমানো হয়েছিল। এখন তা আবার বেড়ে গেল।

তবে রূপার দাম আগের মতোই আছে। এক ভরি ওজনের ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা, আর সনাতন পদ্ধতির দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language