ব্যবসা

দেশে সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা

ঢাকা, ২২ আগস্ট – দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল পর্যন্ত এই দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা করা হয়েছে।

সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে রুপার দামও। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা ধার্য করা হয়েছে।

এনএন/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language