পশ্চিমবঙ্গ

কলকাতায় বাধ্যতামূলক বাংলায় লেখা সাইনবোর্ড, কড়া নির্দেশনা জারি করলো পৌরসভা

কলকাতা, ০৮ সেপ্টেম্বর – ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাধ্যতামূলক করা হয়েছে বাংলায় লেখা সাইনবোর্ড। এ কাজে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে।

কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটি বলছে, শহর কলকাতায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কেউ চিকিৎসার জন্য আসেন বা নানা প্রতিষ্ঠানে কাজ সারেন। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর অনেকেরই নামফলক এখনও বাংলায় লেখা হয়নি। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে অসন্তোষ ছিল।

এমনকি কলকাতা পৌরসভার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও কাজের কাজ হয়নি। অবশেষে এবার কড়া নির্দেশ জারি করে কলকাতা পৌরসভা।

গত শনিবার পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে। শুধু লিখলেই হবে না, এমনভাবে লাগাতে হবে যাতে দূর থেকেও স্পষ্ট দেখা যায়। দোকান, অফিস, শপিংমল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার সবকিছুকেই এই নিয়ম মানতে হবে।

পৌরসভার সচিবের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি ইতোমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কলকাতার অধিকাংশ মানুষ বাংলাতেই কথা বলেন, লেখেন এবং পড়েন। তাই বাংলায় নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে জনস্বার্থেই।

পৌরসভা আরও জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশ মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পৌরসভা সরাসরি সেই সাইনবোর্ড খুলে ফেলতে পারে।

কলকাতা পৌরসভার সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, কলকাতা শহরে বর্তমানে অন্তত ৪৫ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্সের আওতায় রয়েছে। তাদের সবাইকে চিঠি পাঠানো হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমও গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে বারবার সতর্ক করেছেন।

তিনি বলেছেন, বাংলা ছাড়া কলকাতার ব্যবসা-চলাচল কল্পনা করা যায় না। তাই অন্য ভাষা ব্যবহার করা গেলেও, বাংলা নামফলক বাধ্যতামূলক।

পৌরসভার শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, মাসিক অধিবেশনে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নিয়ম কার্যকর করতে কোনও বাধা নেই। পূজার আগেই যাতে শহরের প্রতিটি দোকান ও হাসপাতালে বাংলা নামফলক ঝলমল করে ওঠে, তার জন্যই ৩০ সেপ্টেম্বরের ডেডলাইন নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তকে ঘিরে কলকাতা শহরে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষারও একটি উদ্যোগ।

আবার ব্যবসায়ীদের অনেকে মনে করছেন, সময় খুব কম দেওয়া হয়েছে, ফলে হঠাৎ নামফলক পাল্টাতে গিয়ে খরচের চাপ বাড়তে পারে। যদিও কলকাতা পৌরসভার অবস্থান পরিষ্কার; আর তা হলো— বাংলা সাইনবোর্ড ছাড়া কলকাতা শহরে আর কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language