যশোর

যশোরে পাচারকালে ৫ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর, ২২ আগস্ট – যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৮৬ লাখ ছয় হাজার ৫২০ টাকা। আটক মো. রুবেল (৩৪) কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৫ গ্রাম।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন— স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিলেন।

তিনি আরও জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language