ফুটবল

আর্জেন্টিনার তিন ফুটবলারের নিষেধাজ্ঞা শিথিল করল ফিফা

বুয়েনস আইরেস, ২৮ আগস্ট – বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের জেরে নিষিদ্ধ হওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচিং স্টাফের শাস্তির বিষয়ে নমনীয় সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা খেলোয়াড়দের নিষেধাজ্ঞার মেয়াদ কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছে।

শাস্তির মুখে থাকা এই তিন ফুটবলার হলেন লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা। তাদের যথাক্রমে দশটি, সাতটি ও একটি ম্যাচে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞার মেয়াদ আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও কার্যকর হবে।

এর ফলে শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ নয় বরং আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজিত প্রীতি ম্যাচগুলোকেও গণনায় আনা হবে। এতে চলতি বছরের শেষ দিকে ও ২০২৭ সালের শুরুর দিকে আর্জেন্টিনার ম্যাচগুলোতে অংশ না নিয়েই দ্রুত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার সুযোগ পাবেন এই ফুটবলাররা।

এএফএর তথ্য অনুযায়ী, বছরের বাকি সময়ে আর্জেন্টিনার অন্তত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তবে এএফএ জানিয়েছে তারা শাস্তির মাত্রা আরও কমানোর জন্য আইনি লড়াই চালিয়ে যাবে।

ফিফার দাপ্তরিক নথিপত্র হাতে পাওয়ার পর আপিল কমিটির কাছে আবেদন করার পরিকল্পনা রয়েছে তাদের। প্রয়োজনে বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসেও নিয়ে যাওয়া হতে পারে। এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন মনে করেন খেলোয়াড়দের ওপর এই শাস্তির মাত্রা অনেক বেশি ছিল।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language