জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

যশোর, ৫ আগস্ট – জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বুধবার দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ছুটির কারণে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
তবে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রীদের পারাপার সচল আছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, সরকারি ছুটির ফলে আজ কার্যক্রম বন্ধ রাখা হলেও আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
তিনি আরও উল্লেখ করেন যে বর্তমানে বন্দরে অবস্থানরত পণ্য খালাসকৃত ভারতীয় খালি ট্রাকগুলো চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবে। নিয়মিত কার্যক্রম শুরু হলে বন্দরে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









