ইউরোপ

যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

মস্কো, ২৪ মে – ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে মস্কো।

বৃহস্পতিবার (২৩ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হুমকি দিয়েছেন।

জাখারোভা সাংবাদিকদের বলেছেন, এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমানার বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে।

চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অধিকার ইউক্রেনের রয়েছে বলে মন্তব্য করেন। ক্যামেরনের মন্তব্যে মস্কো হুঁশিয়ারি দিয়েছিল। মারিয়া জাখারোভা সেই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন।

রাশিয়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এর জেরে সম্প্রতি কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া ‍শুরু করেছে মস্কো।

এদিকে রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় রয়েছে ‘অ-কৌশলগত ‘পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহার’-এর ব্যবহারিক প্রশিক্ষণ’।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এ মহড়ার নির্দেশ দেন। মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে ‘যুদ্ধাংদেহি বিবৃতি’ বলে অভিহিত করেছেন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৪ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language