জাতীয়

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ঢাকা, ২০ এপ্রিল – পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অল্প কিছু অনিয়ম যাতে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে।

সোমবার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন ও সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে। সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করলেও সম্মিলিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ প্রধান উল্লেখ করেন যে, একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস অর্জন করেছেন এবং জনগণের প্রশংসা কুড়িয়েছেন।

সিআইডিকে অপরাধ তদন্তের শীর্ষ সংস্থা হিসেবে অভিহিত করে তিনি বলেন, সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ দেশের বিচার ব্যবস্থাকে আরও মজবুত করে তুলছে। তিনি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শনের আহ্বান জানান।

আলী হোসেন ফকির আরও বলেন, তদন্তের গতি এবং মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

আইজিপি সতর্ক করে বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থেকে পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, গত দুই দিনের আলোচনার ভিত্তিতে একটি বাস্তবসম্মত ফলোআপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা আগামী তিন মাসে বাস্তবায়ন করা হবে। পরিশেষে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language