দক্ষিণ এশিয়া

ইরানের সঙ্গে আলোচনার আগে পাকিস্তানে ছয়টি মার্কিন বিশেষ উড়োজাহাজের অবতরণ

ইসলামাবাদ, ২০ এপ্রিল – ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের সফরের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানে অন্তত ছয়টি মার্কিন সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে।

সোমবার রাওয়ালপিন্ডির নূর খান বিমান বাহিনী ঘাঁটিতে এই উড়োজাহাজগুলো পৌঁছায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার দুটি বিমান এবং এর আগের ৪৮ ঘণ্টায় বাকি চারটি বিমান পাকিস্তানে এসে পৌঁছায়। এসব উড়োজাহাজে যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আনা হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার দ্বিতীয় ধাপের প্রস্তুতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম একটি বৈঠকে মিলিত হয়েছেন। তবে এই আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ইরান এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, প্রতিনিধি দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমন অত্যন্ত জরুরি।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে ইরান অতি উৎসাহী নয় বরং বাস্তববাদী। তিনি বর্তমান পরিস্থিতিতে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকাকে যৌক্তিক হিসেবে অভিহিত করেন।

তবে পাকিস্তান এই পরিস্থিতি নিরসনে যে গঠনমূলক ভূমিকা পালন করছে, তাকে স্বাগত জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত। বৈঠকে ইসলামাবাদের শীর্ষ পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language