ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদ: উত্তাল বিধানসভা চত্বর

রাঁচি, ১০ আগস্ট – ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে টানা ১৭ দিন ধরে বিক্ষোভ করছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। সোমবার এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাঁচি। এদিন কয়েক হাজার শিক্ষার্থী বিধানসভা ঘেরাও করতে অগ্রসর হলে পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে ফেলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে। তবে দমে না গিয়ে জলকামানের তোড়ের সামনেও অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় অনেককে রাস্তায় নেচে প্রতিবাদ জানাতেও দেখা যায়। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন।
তাদের মূল দাবি হলো নিয়োগ প্রক্রিয়ায় আমূল সংস্কার এবং দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে করে শিক্ষার্থীরা রাঁচিতে জড়ো হন। আন্দোলনের নেতৃত্বে থাকা দেবেন্দ্র মাহতো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে।
আন্দোলন দমাতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিলেও শিক্ষার্থীদের ঠেকাতে হিমশিম খায় পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। প্রধান বিরোধী দল বিজেপিও এই ইস্যুতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বর্তমানে ছয়জন আন্দোলনকারী আমরণ অনশন পালন করছেন। সরকার ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়ার কথা বললেও আন্দোলনকারীরা ১৩টির মধ্যে মাত্র ৩টি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা গোটা প্রক্রিয়ায় সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। জেপিএসসির চেয়ারম্যান ও বেশ কয়েকজন সদস্যের পদত্যাগের মধ্য দিয়ে দুর্নীতির বিষয়টি আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা।
এস এম/ ১০ আগস্ট ২০২৬









